থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশে একটি ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতে ২৪ বছর বয়সি সাফওয়ান আওয়ে নামের এক খেলোয়াড় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বুধবার সান্তিফাপ স্টেডিয়ামে গোলোক কাপ রিজিওনাল টুর্নামেন্টের ম্যাচটি চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৯ জন খেলোয়াড় আহত হয়েছেন।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ চলাকালে স্টেডিয়াম এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাত আঘাত হানলে সাফওয়ান আওয়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে মালয়েশিয়ার একজন খেলোয়াড়ও রয়েছেন এবং অনেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই আয়োজকরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
থাইল্যান্ডে বর্ষাকালে বজ্রপাত একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে বৃষ্টির সময় খোলা জায়গায় অবস্থান না করার জন্য দেশটির সরকারের পক্ষ থেকে নিয়মিত সতর্কবার্তা দেওয়া হয়।



