দেশের ফ্রিল্যান্সিং খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস উদ্যাপন করেছে বৈশ্বিক প্ল্যাটফর্ম ফাইভআর। ফাইভআর বাংলাদেশ কমিউনিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ডে ২০২৬: দ্য ফিউচার অব ফ্রিল্যান্সিং’। এই আয়োজনে দেশের ৭০ জন শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সার ও পেশাজীবী অংশ নেন।
অনুষ্ঠানের মূল আলোচনার কেন্দ্রে ছিল ডিজিটাল বিপণন খাত। ফাইভআরের টপ-রেটেড ও ভেটেড প্রো সেলার রাহিতুল ইসলাম ডিজিটাল মার্কেটিংয়ের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের নানা দিক নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বিশ্ববাজারে টিকে থাকার জন্য প্রয়োজনীয় কৌশল ও প্রতিযোগিতার বিষয়গুলো উপস্থিত ফ্রিল্যান্সারদের সামনে তুলে ধরেন। এছাড়া কমিউনিটি ম্যানেজার জাহিদ ইসলাম বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অর্জিত সাফল্যের নানা দিক তুলে ধরার পাশাপাশি ক্যারিয়ারের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানটি স্থানীয় ফ্রিল্যান্সারদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা ছিল বলে মন্তব্য করেন ফাইভআরের যাচাইকৃত ভেটেড প্রো ও টপ রেটেড সেলার পপি রানী সিনহা। তিনি বলেন, দেশের উদীয়মান ফ্রিল্যান্সিং কমিউনিটির জন্য এটি ছিল গর্বের একটি মুহূর্ত। এমন আয়োজন বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক বাজারে আরও আত্মবিশ্বাসী হতে এবং কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।



