বাংলাদেশে প্রথম ‘অনার আলফা স্টোর’ চালু

, তথ্য-প্রযুক্তি

বাংলাদেশে প্রথম ‘অনার আলফা স্টোর’ চালু

চীন ও সিঙ্গাপুরের পর বিশ্বের অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হয়ে বাংলাদেশে নিজেদের ‘অনার আলফা স্টোর’ চালু করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। রাজধানীর যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত এই স্টোরটিকে প্রতিষ্ঠানটি তাদের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে অভিহিত করছে। নতুন এই স্টোরে গ্রাহকরা অনারের লেটেস্ট মডেলের স্মার্টফোনের পাশাপাশি সাউন্ড বক্স, হেডফোন, এয়ার ফ্রাইয়ার, ট্যাবলেট কম্পিউটার, ইয়ারফোন, স্মার্ট ওয়াচ ও পাওয়ার ব্যাংকের মতো বিভিন্ন গ্যাজেট কেনার সুবিধা পাবেন।

স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, এটি অনারের অগ্রযাত্রার একটি প্রতিফলন। তিনি জানান, গ্রাহকরা এখানে অনারের সর্বাধুনিক উদ্ভাবনগুলো একসঙ্গে দেখার পাশাপাশি ডিভাইসগুলোর একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার অভিজ্ঞতা সরাসরি নিতে পারবেন। স্টোরটির গুরুত্ব তুলে ধরে অনার বাংলাদেশের পরিচালক এবং পণ্য ও বিপণনপ্রধান সৈয়দ মোহাম্মদ বদরুল আরেফিন জানান, বিশ্বজুড়ে খুব কম দেশেই এমন আলফা স্টোর রয়েছে। তিনি আরও যোগ করেন, এই স্টোরটি শুধু পণ্য বিক্রয়ের কেন্দ্র নয়, বরং এটি অনারের ভবিষ্যতের প্রযুক্তির প্রদর্শনী ক্ষেত্র।

ভবিষ্যতে বাংলাদেশে আসতে যাওয়া রোবট ফোন, ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, স্মার্ট অডিও সানগ্লাস, টেলিভিশন, গেম কন্ট্রোলার, স্মার্ট গিটার ও ল্যাপটপের মতো প্রযুক্তিপণ্যগুলোও এখানে প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে, অনার রোবট ফোনটি বর্তমানে শুধু চীনে পাওয়া গেলেও, এই স্টোরে দর্শনার্থীরা সরাসরি এর ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন। অনার কানেক্ট অনুষ্ঠানে ঘোষিত ইকোসিস্টেমের পণ্যগুলো পর্যায়ক্রমে দেশের বাজারে উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার রাতে আয়োজিত জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে অনার বাংলাদেশের ব্যবসাপ্রধান আবদুল্লাহ আল মামুন, অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি এবং অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রযুক্তিবান্ধব গ্রাহকদের জন্য এটি একটি নতুন রিটেইল অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।