সৌদির রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা কাতারের

, বিশ্ব

সৌদির রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা কাতারের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে ইয়েমেনের হুথি গোষ্ঠীর চালানো নজিরবিহীন ও ভয়াবহ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। এই হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দোহা এই হামলার ঘটনায় কঠোরতম ভাষায় নিন্দা জ্ঞাপন করেছে। একই সঙ্গে এই হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকের নিরাপত্তা, বেসামরিক বিমান চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি একটি প্রত্যক্ষ ও গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়তার সাথে নিশ্চিত করেছে যে, কাতার সৌদি আরবের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছে। দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সৌদি সরকার যে কোনো বিধিসম্মত পদক্ষেপ নিলে তার প্রতি দোহার পূর্ণ সমর্থন থাকবে। বিবৃতিতে স্পষ্টভাবে জোর দিয়ে বলা হয় যে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা কাতারের নিজস্ব নিরাপত্তা এবং গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কাতার সরকার নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং সৌদি সরকার ও সাধারণ জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। পাশাপাশি, হামলায় আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।