কুমিল্লা সীমান্তে বিএসএফের আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল

, বাংলাদেশ

কুমিল্লা সীমান্তে বিএসএফের আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার দুপুরে শশীদল সীমান্তবর্তী মেইন পিলার ২০৫৯-এর নিকট এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই আলোচনা চলে। দুপুর ১টা ৩৫ মিনিটে পতাকা বৈঠক শেষে বিএসএফ আটককৃত পুলিশ সদস্যদের বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয়।

ফেরত আসা এই দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন এবং কনস্টেবল রহিত দেওয়ান। দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন জানান, মাদকের এক আসামিকে ধরতে গিয়ে ভুলবশত সীমান্ত অতিক্রম করে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানিয়েছেন যে, পুরো হস্তান্তর প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি শশীদল বিওপির কোম্পানি কমান্ডার হিসেবে এই পতাক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

নারায়ণপুর সীমান্তে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যথাযথ সমন্বয়ে ঘটনাটির সমাধান করা হয়েছে।