নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়, তদন্তে পুলিশ

, বাংলাদেশ

নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়, তদন্তে পুলিশ

নেত্রকোণা শহরের কুরপাড় এলাকার তিতাস নগরের একটি ভাড়া বাসা থেকে আকাশ তালুকদার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত আকাশ আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকার একটি ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন এবং মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, বাসার অন্য ভাড়াটিয়ারা কক্ষের মেঝেতে আকাশের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার গলায় বিদ্যুতের তার জড়ানো অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।