দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

, বাংলাদেশ

দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

দেশের ৬৪টি জেলায় সরকারি কার্যক্রমের সমন্বয় ও তদারকির জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব প্রদান করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সার্বিক বিষয়গুলো দেখভাল করবেন। সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন জেলায় উন্নয়নের নামে বরাদ্দ দেওয়া হলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট চালানো হয়েছে। এই লুট করা অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। এছাড়া বাকি অর্থ দেশের ভেতরে মাদক বিস্তার, সামাজিক অবক্ষয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে। এই প্রেক্ষাপটে জেলা পর্যায়ে সুশাসন নিশ্চিত করতে নতুন এই তদারকি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার সরকারি দপ্তরগুলোকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, চোরাচালান প্রতিরোধ, মাদক ও অবৈধ পাচার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সঠিকভাবে চলছে কি না, তা তদারকি করবেন। প্রয়োজনে তারা জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে দিকনির্দেশনাও দিতে পারবেন।

দায়িত্ব বণ্টনের তালিকায় রয়েছেন ইকবাল হাসান মাহমুদ (রাজশাহী ও নাটোর), আবু জাফর মো. জাহিদ হোসেন (লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়), আবদুল আউয়াল মিন্টু (লক্ষ্মীপুর), নিতাই রায় চৌধুরী (চুয়াডাঙ্গা) এবং খন্দকার আবদুল মুক্তাদির (হবিগঞ্জ)। আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি চট্টগ্রাম, এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা এবং আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুরের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া মো. আসাদুজ্জামান (খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট), জাকারিয়া তাহের (ফেনী ও নোয়াখালী), সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ), সাচিং প্রু (কক্সবাজার), মো. শরীফুল আলম (টাঙ্গাইল ও নরসিংদী), শামা ওবায়েদ ইসলাম (মাদারীপুর ও শরীয়তপুর), অনিন্দ্য ইসলাম অমিত (মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ), আব্দুল বারী (বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ) এবং সুলতান সালাউদ্দিনকে ঢাকা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হাবিবুর রশিদ গাজীপুর ও নারায়ণগঞ্জ, মো. রাজীব আহসান বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর এবং মীর শাহে আলম রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের দায়িত্ব পালন করবেন। ফারজানা শারমিন সিরাজগঞ্জ ও পাবনা, শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল, ইয়াসের খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জ এবং আহমেদ সোহেল মঞ্জুর বরিশাল, ভোলা ও ঝালকাঠির দায়িত্ব পেয়েছেন। এছাড়া মোহাম্মদ শামীম কায়সার (জয়পুরহাট ও নওগাঁ), মো. জি কে গউছ (সিলেট ও সুনামগঞ্জ), মিয়া নূরুদ্দিন আহমেদ (রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ) এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের দায়িত্ব পেয়েছেন। চাকরির আরও তথ্য: দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে।