বাংলাদেশসহ চার দেশের ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করল সৌদি আরব

, ধর্ম ও ইসলাম

বাংলাদেশসহ চার দেশের ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করল সৌদি আরব

বাংলাদেশ থেকে ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরব। নতুন এই নিয়ম অনুযায়ী, এখন থেকে ওমরাহ ভিসা আবেদনের সময় প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার ক্রয় করতে হবে। এই ভাউচারের জন্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল অতিরিক্ত খরচ হবে, যা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত থাকবে। আগামী ১ রবিউল আউয়াল থেকে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিসরের ওমরাহ যাত্রীদের জন্য এই নিয়ম কার্যকর করা হবে।

নতুন এই ব্যবস্থায় ওমরাহ যাত্রীদের আবাসন, যাতায়াত এবং খাবারের বিষয়টি একটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এই উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের আওতায় আনা হয়েছে। যাত্রীরা ভিসার সঙ্গে একটি বিশেষ কোড পাবেন, যা ব্যবহার করে অনুমোদিত রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, যাত্রীদের মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা এবং অনিবন্ধিত সেবাদাতাদের কার্যক্রম নিরুৎসাহিত করাই এই নতুন নিয়মের মূল উদ্দেশ্য।

তবে এই অতিরিক্ত খরচের কারণে বাংলাদেশ থেকে ওমরাহ প্যাকেজের মোট ব্যয় কিছুটা বাড়তে পারে। ফলে ট্রাভেল এজেন্সিগুলোকে তাদের প্যাকেজ মূল্য নতুন করে পর্যালোচনা করতে হবে। ওমরাহ যাত্রীদের সেবার মান উন্নত করতে এবং পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুসংগঠিত করার লক্ষ্যেই সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।