গোপালগঞ্জের কোটালীপাড়ায় আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখ। শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাত ১১টার দিকে তিনি কোটালীপাড়া পৌর ভবন মাঠে তার বাবার জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
কামাল হোসেন শেখের বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ কামাল হোসেনকে আট ঘণ্টার প্যারোলে মুক্তি দেয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে কোটালীপাড়ায় আনা হয়। ভ্যান থেকে নেমে বাবার নিথর দেহ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ঢাকা ও গোপালগঞ্জে দায়ের করা একাধিক মামলায় কামাল হোসেন বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। পিতার শেষকৃত্যে অংশগ্রহণের সুযোগ দিতেই তাকে এই বিশেষ প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে আইনি প্রক্রিয়া মেনে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।



