কাতার এবং ওমান সালতানাতের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক কেবল কূটনৈতিক সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং এটি দীর্ঘদিনের গভীর বিশ্বাস, অভিন্ন ধর্ম, ভাষা এবং একই ভবিষ্যতের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক মজবুত বন্ধন। দুই দেশের শীর্ষ নেতৃত্ব ও জনগণের পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার অঙ্গীকার এই সম্পর্ককে প্রতিনিয়ত আরও গতিশীল করে তুলছে।
১৯৭০-এর দশকের শুরুতে কাতার ও ওমানের আধুনিক কূটনৈতিক সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ১৯৭৩ সালে ওমান সালতানাতে কাতারের প্রথম রাষ্ট্রদূত নিয়োগের জন্য আমিরি ডিক্রি জারি করা হয়। এর ধারাবাহিকতায় ১৯৭৪ সালে দোহায় কাতারের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন ওমানের প্রথম রাষ্ট্রদূত। এই কূটনৈতিক মাইলফলকটি মূলত ভৌগোলিক নৈকট্য এবং যৌথ আরব ও ইসলামিক পরিচয়ে গড়ে ওঠা দুই দেশের শতবর্ষের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরই স্বাভাবিক ধারাবাহিকতা।
দুই দেশের নেতৃত্বের পারস্পরিক সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদূরপ্রসারী ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে মূখ্য ভূমিকা পালন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অক্টোবর ২০১৩ সালে মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির মাস্কাট সফর, নভেম্বর ২০২১ সালে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের ঐতিহাসিক দোহা সফর এবং সর্বশেষ জানুয়ারি ২০২৫ সালে মহামান্য আমিরের পুনরায় ওমান সফর। এই উচ্চপর্যায়ের সফরগুলোর মাধ্যমে প্রতিরক্ষা, অর্থনীতি, পর্যটন ও পরিবহন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও নির্বাহী কর্মসূচি স্বাক্ষরিত হয়েছে।
১৯৮১ সালে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) প্রতিষ্ঠার পর থেকেই কাতার ও ওমান আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এক হয়ে কাজ করছে। দোহা ও মাস্কাট সর্বদা মধ্যস্থতা, সংলাপ এবং বিচক্ষণ কূটনৈতিক নীতিতে বিশ্বাসী। হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং ইরান সংক্রান্ত আলোচনা সহ অঞ্চলের উত্তেজনা কমাতে দুই দেশ প্রতিনিয়ত পরামর্শ বিনিময় করে। এছাড়া ফিলিস্তিন ইস্যু সহ অন্যান্য প্রধান আরব ও ইসলামিক সংকটে কাতার ও ওমানের অবস্থান সুনির্দিষ্ট ও অভিন্ন। জাতিসংঘ ও আন্তর্জাতিক মঞ্চে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নের পক্ষে দুই দেশই মধ্যপন্থী ও দায়িত্বশীল কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে।
দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯৯৫ সালে ‘কাতার-ওমান যৌথ কমিটি’ গঠিত হয়। ১৯৯৫ সালের এপ্রিলে দোহায় এই কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং ২০২৪ সালের ডিসেম্বরে এর ২৩তম অধিবেশন সম্পন্ন হয়েছে। এই কমিটি কৃষি, জ্বালানি, যোগাযোগ, পরিবহন, পর্যটন, শিক্ষা ও ব্যাংকিং খাতে নতুন নতুন বিনিয়োগ প্রকল্প তৈরিতে মূল ভূমিকা রাখছে।
বাণিজ্যিক ক্ষেত্রে ২০২৩ সাল শেষে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১.১১৩ বিলিয়ন ওমানি রিয়াল বা প্রায় ২.৮৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালের নভেম্বর শেষে এই বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৫১ মিলিয়ন ওমানি রিয়ালে। বিনিয়োগের ক্ষেত্রেও দুই দেশ এগিয়েছে; ২০২৩ সালের শেষের দিকে ওমানে কাতারি বিনিয়োগ ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৩০ মিলিয়ন ওমানি রিয়ালে পৌঁছেছে, যা ২০২২ সালে ছিল ৬৫২ মিলিয়ন রিয়াল। বর্তমানে উৎপাদনী শিল্প, সেবা, পর্যটন ও আবাসন খাতে প্রায় ১৫টি বৃহৎ কাতারি প্রতিষ্ঠান ওমানে কাজ করছে। অন্যদিকে, কাতারের বাজারে শত শত ওমানি প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
এই উদীয়মান অর্থনৈতিক সহযোগিতা ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ এবং ‘ওমান ভিশন ২০৪০’-এর লক্ষ্যমাত্রা অর্জনে সরাসরি সহায়ক ভূমিকা রাখছে। বিশেষ করে খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও পর্যটন খাতে দুই দেশ যৌথভাবে কাজ করছে।
সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রেও দুই দেশ অত্যন্ত সুসংগঠিত। তারা ‘জিসিসি সাংস্কৃতিক কৌশল ২০২০-২০৩০’-এর আওতায় শিল্প, সঙ্গীত, থিয়েটার, প্রকাশনা এবং অমূর্ত ঐতিহ্য সংরক্ষণে যৌথভাবে কাজ করে যাচ্ছে। এর একটি বড় উদাহরণ হলো ২০২৪ সালের দোহা আন্তর্জাতিক বইমেলা, যেখানে ওমান সালতানাতকে ‘গেস্ট অফ অনার’ বা সম্মানিত অতিথি হিসেবে নির্বাচন করা হয়, যা দুই দেশের সাংস্কৃতিক নৈকট্যের গভীরতাকে ফুটিয়ে তোলে।
পরিশেষে, কাতার-ওমান সম্পর্ক হলো প্রজ্ঞা, মধ্যপন্থা এবং যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে গঠিত এক অনন্য উপসাগরীয় সফলতার গল্প। শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনা ও জনগণের সমর্থনে আগামী দিনে বিনিয়োগ, যৌথ উদ্যোগ এবং টেকসই অংশীদারিত্বের মাধ্যমে এই সম্পর্ক সমগ্র জিসিসি অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির নতুন বার্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।



