দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিয়মিত সাফল্য দেখিয়ে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়া সফরে যাচ্ছে বাহিনীর নারী বেসবল দল। আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশ নেবে তারা। এই সফর উপলক্ষে ১০ থেকে ১৭ আগস্ট পর্যন্ত দলটি মালয়েশিয়ায় অবস্থান করবে।
টুর্নামেন্ট উপলক্ষে আজ ৯ আগস্ট (রবিবার) বাহিনী সদর দপ্তরে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি খেলোয়াড়দের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান এবং তাদের শুভকামনা জানান।
মালয়েশিয়ার সেলাঙ্গরে অবস্থিত ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বিএফএম ন্যাশনাল বেসবল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়া অংশ নিচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আনসার-ভিডিপির ক্রীড়াদলগুলোর দীর্ঘদিনের সাফল্যের ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও বেসবল মাঠে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের লক্ষ্য নিয়ে মালয়েশিয়া যাচ্ছে দলটি।



