আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী বুধ ও বৃহস্পতিবার (১২ ও ১৩ আগস্ট) বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। এই দুই দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টির এই ধারা শুক্র ও শনিবার (১৪ ও ১৫ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই দুই দিন দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ বিভাগে এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। যদিও এই সময়ে তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে, তবে সার্বিক আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।



