বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বর্তমান পদ্ধতি বহাল রাখার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ‘শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হই, অন্যায় সিদ্ধান্ত রুখে দিই’—এই স্লোগানকে সামনে রেখে তারা ক্যাম্পাসে প্রতিবাদী মিছিল বের করেন।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি চাই’, ‘কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘নিয়োগ হবে স্বচ্ছতার ভিত্তিতে’। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি করা হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নষ্ট হবে এবং মেধার মূল্যায়ন বাধাগ্রস্ত হবে। অতীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও অনিয়মের যে নজির রয়েছে, তা তারা আর দেখতে চান না।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের মেহেদী হাসান, লোকপ্রশাসন বিভাগের সিদ্দিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের আহসান হাবিব এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন বলেন, বর্তমান পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে মেধাবীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরে রাখার একটি অপচেষ্টা চলছে। এই সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, অতীতে নিয়োগের জন্য কমিটির পেছনে টাকা নিয়ে ঘোরার যে তিক্ত অভিজ্ঞতা ছিল, তা ফিরিয়ে আনার সুযোগ নেই। অবিলম্বে এই বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করে এনটিআরসিএ-এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বহাল রাখার দাবি জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।
আমরা এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছি।
আমরা সেই পরিস্থিতি আবার ফিরিয়ে আনার কোনো সুযোগ দিতে চাই না।
অন্যথায় শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে।



