জাতীয় দলের ফুটবলার হিসেবে খেলোয়াড়রা সরকারের কাছ থেকে নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন। দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি ক্লাব ফুটবলেও তারা পেশাদার চুক্তির অধীন। এরপরও অনেকে স্থানীয় পর্যায়ের ‘খেপ’ ম্যাচ খেলতে যাচ্ছেন, যা তাদের পেশাদার আচরণ ও দায়িত্ববোধ নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
সম্প্রতি জাতীয় দলের কয়েকজন ফুটবলারের বিভিন্ন এলাকায় খেপ ম্যাচে অংশ নেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তিনি টাঙ্গাইল ও ঝিনাইদহে গিয়ে এমন ম্যাচে জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের খেলতে দেখেছেন। গতকাল রাতে কালশীতে সাংবাদিকদের একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমার প্রশ্নটা হচ্ছে সেই প্লেয়ারদের কাছে এবং আমি বাফুফের কাছেও প্রশ্নটা রাখব, যেখানে আমরা খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়াভাতা প্রদান করছি, সরকার তাদের মাসিক ভাতা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খেপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে? দেশের প্রতি এবং নিজের পেশার প্রতি তাদের যে কমিটমেন্টের অভাব, সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে।’
আমিনুল হক আরও বলেন, ‘ব্যস্ততার কারণে এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে কথা বলতে পারিনি। তবে দু-এক দিনের মধ্যেই তার সাথে কথা বলব। যারা বিভিন্ন জায়গায় গিয়ে খেপ খেলেছে, তাদের বিষয়টি নজরে এনে সতর্ক করা হবে। আমরা প্রথম অবস্থায় তাদের সতর্ক করতে চাই, এরপর প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার চিন্তা করব।’



