পুলিশের আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানীসহ মোট ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসি ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কাজী আশরাফুল আজীম এবং কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর মাধ্যমে পুলিশের এই ছয় কর্মকর্তার বিরুদ্ধে বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।



