ডারউইন টেস্ট: ম্যাচ কতদিন গড়াবে, উত্তর জানা নেই কামিন্সের

, খেলা

ডারউইন টেস্ট: ম্যাচ কতদিন গড়াবে, উত্তর জানা নেই কামিন্সের

আগামীকাল থেকে ডারউইনে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল, ম্যাচটি কি তিন দিনে শেষ হবে নাকি পাঁচ দিন পর্যন্ত গড়াবে? উত্তরে নাজমুল একজন ক্রিকেটার হিসেবে পাঁচ দিনই খেলার ইচ্ছার কথা জানিয়েছেন। একই প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকেও। তবে কামিন্স এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে কেবল বলেছেন, ‘কে জানে!’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটি ম্যাচেই হেরেছে তারা, যার তিনটিই ছিল ইনিংস ব্যবধানে। একমাত্র জয়টি এসেছিল ২০১৭ সালে মিরপুর টেস্টে। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই দীর্ঘ বিরতি নিয়ে কামিন্স বলেন, ‘আইসিসি ইভেন্টগুলোতে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, কিন্তু নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না। বছরের এই সময়ে অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে খেলতে পারাটা দারুণ। আমি চাই এমন সুযোগ নিয়মিত আসুক।’

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে বেশ সমীহ করছেন কামিন্স। তিনি বলেন, ‘আমি নিশ্চিত না ম্যাচটি কেমন হবে। তবে মনে পড়ে না কবে সহজ কোনো টেস্ট খেলেছি। বাংলাদেশ একটি শক্তিশালী দল। তাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের আমরা আগে কখনো দেখিনি, যা টেস্টের আগে কিছুটা অনিশ্চয়তা তৈরি করে। গত কয়েক বছরে তারা বড় কিছু জয় পেয়েছে এবং দলে বেশ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমাদের সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বেশ ভালো পারফর্ম করছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এবং ২০২২ সালে মাউন্ট মঙ্গুানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতি এখনো তরতাজা। এসব পারফরম্যান্সের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে অস্ট্রেলিয়া কিছুটা সতর্ক। কামিন্স আরও যোগ করেন, ‘আইসিসি ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় আমাদের কিছুটা নার্ভাস থাকতে হয়, কারণ তাদের কয়েকজন বড় মাপের ক্রিকেটার আছে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্যই হলো ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে খেলা এবং প্রতিবার নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা।’

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।

২০২২ সালে মাউন্ট মঙ্গুানুইয়ে বিরুদ্ধ কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারিয়েছে।

একেক দল একটু ভিন্ন স্টাইলে ক্রিকেট খেলে।

হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞাসা করলে ভালো করে বলতে পারব।