বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

, বাংলাদেশ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আট সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে অ্যামচেমের নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে তাদের কার্যক্রমের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগকারীদের জন্য বর্তমান সরকারের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির প্রসারে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান এবং ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ভিসা’র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনদিনের সফরে গত ১১ আগস্ট ঢাকায় আসা স্টিফেন কার্পিন বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে সাধারণ মানুষের লেনদেন সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ সরকারি সেবায় ভিসা কার্ডের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান জানানো হয়েছে।

ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট জানান, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে তারা অবদান রাখতে আগ্রহী। বিশেষ করে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী এখনো কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ভিসা প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও প্রতিষ্ঠানটি কাজ করতে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজ উপায়ে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল।