প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান

, বাংলাদেশ

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান

প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বৈঠকেই প্রেসিডেন্ট পদের জন্য দলের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান। এর আগে গত ১লা আগস্ট অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছিল। সে সময় বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, দায়িত্ব পাওয়ার পর গত কয়েকদিন তারেক রহমান ফোনে কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করে মতামত নিয়েছেন। সবার মতামতের ভিত্তিতে তিনি ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছেন, যা আজকের বৈঠকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বৈঠক শুরুর আগে সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন ফরম নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেন।

চলমান এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া দলের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স।