ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া বর্তমান পরিস্থিতিতে আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সংকটের সময়ে তার আসলে কিছু করার নেই। এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, বিষয়টি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। এফএসআরইউ নষ্ট হয়ে গেছে, তাই চাইলেই জোর করে তা দ্রুত সারিয়ে তোলা সম্ভব নয়। প্রকৌশলীরা যেভাবে পরামর্শ দেবেন, সে অনুযায়ীই কাজ করতে হবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, এফএসআরইউ মেরামতের মূল দায়িত্ব এর মালিক আমেরিকান কোম্পানির। তবে মেরামতের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় সরঞ্জাম আসার ২৪ ঘণ্টার মধ্যেই তা সাইটে পৌঁছে দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সংকট নিরসনে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, ‘কিছু কিছু জিনিস তো বুঝতে হবে, এটা আমাদের নিজের হাতের মধ্যে নেই।
ইঞ্জিনিয়াররা কাজ করছেন এফএসআরইউতে, এছাড়া আমার কিছু করার নেই।’
এখন এফএসআরইউ খারাপ হয়ে গেছে, আমি তো জোরজবরদস্তি করে বলতে পারব না যে সারিয়ে দাও।’



