লা লিগার নতুন মৌসুম শুরুর আগেই এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণের কারণে সেল্টা ভিগো ও ওসাসুনার মধ্যকার নির্ধারিত ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছে লা লিগা কর্তৃপক্ষ। ঘরের মাঠে ম্যাচটি আয়োজনের কথা ছিল সেল্টা ভিগোর, কিন্তু মাঠ খেলার অনুপযোগী হওয়ায় শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার লিগ কর্মকর্তারা এস্তাদিও দে বালাইদোস পরিদর্শন করে মাঠের অবস্থার কোনো উন্নতি না দেখায় ম্যাচ শুরুর তিন দিন আগেই তা স্থগিতের ঘোষণা দেন।
এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং সংশ্লিষ্ট দুই ক্লাবের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ম্যাচটি আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই নতুন তারিখ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ওসাসুনা কর্তৃপক্ষ। ক্লাবটির দাবি, তারা এবং সেল্টা ভিগো যৌথভাবে ম্যাচটি আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর আয়োজনের প্রস্তাব দিয়েছিল।
ওসাসুনার মতে, সেপ্টেম্বর মাসের ওই সময়ে আন্তর্জাতিক বিরতি থাকায় খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়ত না এবং মৌসুমের শুরুতে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মিলত। কিন্তু লিগ কর্তৃপক্ষ ও আরএফইএফ তাদের সেই অনুরোধ উপেক্ষা করে একতরফাভাবে ২৭ আগস্ট ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবটি মনে করছে, ম্যাচ স্থগিত হওয়ার কারণে তারা এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ওপর নতুন এই সূচি তাদের জন্য আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতির শেষাংশে ওসাসুনা তীব্র কটাক্ষ করে লিখেছে, ‘এটি ফুটবল নয়, এটি লা লিগা।’ মাঠের অব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ক্লাবের প্রতি অবহেলার অভিযোগ তুলে ওসাসুনা তাদের ক্ষোভ প্রকাশ করেছে। মৌসুমের শুরুতেই এমন বিতর্কিত ঘটনায় স্প্যানিশ ফুটবলের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।



