গুজরাটের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৫ শ্রমিকের মৃত্যু

, বিশ্ব

গুজরাটের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৫ শ্রমিকের মৃত্যু

ভারতের গুজরাট রাজ্যের ভরুচ জেলার ভাঘরা তালুকের সায়খা জিআইডিসি শিল্পাঞ্চলে অবস্থিত সিনজিল ফার্মাকেম কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে কারখানায় হাইড্রোজেনেশন প্রক্রিয়ার সময় এই দুর্ঘটনা ঘটে, যার ফলে মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হয়েছেন এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ভরুচের মহকুমা প্রশাসক মনীষা মানানি জানান, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল। এর অভিঘাতে কারখানার চুল্লির ট্যাংকটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং কারখানার বিভিন্ন প্রান্তে যন্ত্রপাতির ভাঙা অংশ ছড়িয়ে পড়ে। মাত্র এক বছর আগে সায়খায় প্রতিষ্ঠিত এই কারখানাটিতে মূলত ওষুধশিল্পে প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক উপাদান তৈরি করা হতো।

ভরুচের পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিআইএসএইচ) কর্মকর্তারা জানান, হাইড্রোজেনেশন প্রক্রিয়ার সময় যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে এই গ্যাস ছড়িয়ে পড়ে থাকতে পারে।

দুর্ঘটনার পর গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে এলাকাটি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন।