উত্তরায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, আহত ২

, বাংলাদেশ

উত্তরায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, আহত ২

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করতে যাওয়া পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের বাধার মুখে শ্রমিকরা পিছু হঠলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি পিকআপ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। জানা যায়, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড দিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। তারা আমাদের দু’টি গাড়ি ভেঙে ফেলেছেন, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানিয়েছেন, লাঠিসোঁটা নিয়ে প্রায় ১০০০ থেকে ১৫০০ শ্রমিক সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সাথে আলোচনার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা কোনো আহ্বানে সাড়া দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তিনি আরও জানান, শ্রমিকদের হামলায় একজন পুলিশ সদস্যের হাত ভেঙে গেছে। বর্তমানে পুরো এলাকার নিয়ন্ত্রণ পুলিশের হাতে রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।