কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি

, বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়, যার ফলে পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আহত ৭ থেকে ৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ৫ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধারকর্মীরা রিসোর্টের ভেতরে তল্লাশি চালাচ্ছেন, সেখানে আর কেউ আটকা পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে আগুনের প্রাথমিক কারণ বা কীভাবে এই অগ্নিকাণ্ডের সূচনা হলো, তা এখনো স্পষ্ট নয়।