ভারতের রাজস্থানের কোটার দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার ভোরে মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাতু শ্যাম মন্দিরের দিকে যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসচালক ঘুমিয়ে পড়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের চিৎকারে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে ২৭ জন যাত্রী অবস্থান করছিলেন। নিহত আটজনের মধ্যে পাঁচজনই নারী। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে, যারা হলেন অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী এবং রাজু। ঘটনার পর সাতজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত ১৭ জনকে কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে কারও অবস্থা বর্তমানে আশঙ্কাজনক নয়। তবে প্রাথমিকভাবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন তিনি।



