শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া বক্তব্য ভারত সরকারেরই ভাষ্য: নাহিদ ইসলাম

, বাংলাদেশ

শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া বক্তব্য ভারত সরকারেরই ভাষ্য: নাহিদ ইসলাম

দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে প্রকারান্তরে ভারত সরকারেরই ভাষ্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সভায় তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা সুনির্দিষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করা সমীচীন হবে না। বিশেষ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি চূড়ান্ত না করে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, যখন বাংলাদেশ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ব্যস্ত ছিল, ঠিক তখনই দিল্লিতে আশ্রিত অবস্থায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন। তিনি প্রশ্ন রাখেন, ভারতের সেভেন সিস্টার্সের কোনো স্বাধীনতাকামী সংগঠন যদি ঢাকায় সংবাদ সম্মেলন করে এবং বাংলাদেশ সরকার দায় অস্বীকার করে, তবে কি তা বিশ্ববাসী বিশ্বাস করবে? তাই দিল্লির এই সংবাদ সম্মেলন ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া হওয়া অসম্ভব বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সম্প্রতি তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনার কথা জানিয়েছিলেন। কিন্তু ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে এ সংক্রান্ত কোনো প্রতিফলন দেখা যায়নি। নাহিদ ইসলাম বলেন, ভারত বাংলাদেশকে কীভাবে দেখছে তা স্পষ্ট, কিন্তু বর্তমান সরকারকে এখন কার্যকর ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক দল ও জনগোষ্ঠী হিসেবে এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের জায়গাটি খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ।