দেশের চলমান গ্যাস সংকট নিরসনে সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। সরকারি সূত্র জানিয়েছে, আগামী ১৯ আগস্টের মধ্যে গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওনাকারী একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অধিক বেগে বাতাস প্রবাহের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছিল। এতে টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট কমে গিয়েছিল।
পরবর্তীতে ১৪ আগস্ট নতুন একটি এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছায়। এরপর আজ শনিবার ভোর ৪টা থেকে সামিট টার্মিনালের গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়েছে। বর্তমানে এখান থেকে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে, যা পর্যায়ক্রমে স্বাভাবিক ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালের আংশিক মেরামত সম্পন্ন হয়েছে। বর্তমানে এই টার্মিনাল থেকে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, আগামী ১৯ আগস্টের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হলে উক্ত টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।
স্বাভাবিক পরিস্থিতিতে সামিট এলএনজি টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনাল থেকে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটসহ উভয় টার্মিনাল থেকে সম্মিলিতভাবে দৈনিক গড়ে প্রায় ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়ে থাকে। বর্তমানে উভয় টার্মিনাল থেকে সম্মিলিতভাবে দৈনিক প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী ১৯ আগস্টের মধ্যে উভয় টার্মিনালের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হবে।
সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে উভয় টার্মিনাল হতে সম্মিলিতভাবে দৈনিক প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।



