ইসরায়েলের এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা নেই: আইআরজিসি কর্মকর্তা

, বিশ্ব

ইসরায়েলের এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা নেই: আইআরজিসি কর্মকর্তা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধ করার মতো কোনো সামরিক সক্ষমতা ইসরায়েলের নেই। তার মতে, ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রক্সি হিসেবে কাজ করছে এবং তাদের সহায়তা ছাড়া এই সংঘাতে জড়ানো ইসরায়েলের পক্ষে সম্ভব নয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জাভানি জানান, সম্প্রতি আইআরজিসির শীর্ষ পর্যায়ে যে নিয়োগ দেওয়া হয়েছে, তা ইরানের প্রতিরক্ষা নীতিতে এক আমূল পরিবর্তনের ইঙ্গিত বহন করে। নতুন দায়িত্ব পাওয়া কমান্ডাররা ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন এবং তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির নির্দেশনায় বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির আলোকে এই পরিবর্তন আনা হয়েছে।

তিনি বাসিজের প্রধান হিসেবে হোজ্জাতুল ইসলাম হোসেইন তায়েবের নিয়োগের বিষয়টি উল্লেখ করে জানান, এর মাধ্যমে গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি ‘প্রতিটি ইরানি নাগরিকই একজন বাসিজ’—এই বার্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া মেজর জেনারেল আহমাদ ওয়াহিদির নেতৃত্বে আইআরজিসিকে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে প্রতিরক্ষামূলক কৌশল যেকোনো মুহূর্তে আক্রমণাত্মক রূপ নিতে সক্ষম।

শত্রুপক্ষকে সতর্ক করে জাভানি বলেন, ইরান কখনোই যুদ্ধ শুরু করতে আগ্রহী নয়। তবে শত্রুদের মনে রাখা উচিত যে, তারা ইরানকে অপ্রস্তুত অবস্থায় ফেলে কোনো চমক দেখাতে পারবে না। বরং শত্রুপক্ষকেই বড় ধরনের কৌশলগত বিস্ময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। অতীতে শত্রুদের ভুল হিসাব-নিকাশ যে ব্যর্থ হয়েছে, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি আবারও জোর দিয়ে বলেন, যায়নবাদী ইসরায়েলের একক শক্তিতে ইরানের বিরুদ্ধে লড়াই করার কোনো সামর্থ্য নেই।