ভবিষ্যতে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান পুনরায় ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন বিতর্কিত যোগগুরু রামদেব। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এই লক্ষ্য অর্জনে ভারতীয়দের কেবল ধৈর্য ধারণ করতে হবে।
রামদেবের অভিযোগ, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা চরম নির্যাতন ও অবিচারের শিকার হচ্ছেন। তার মতে, এই দুই দেশে হিন্দুদের ওপর যে নিপীড়ন চালানো হচ্ছে, তা মানবসভ্যতার ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ঘটনা। তিনি আরও বলেন, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার ভেতরে থাকা জরুরি।
ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই উল্লেখ করে রামদেব বলেন, বরং ভারতের সম্মান ও মর্যাদাই এখন বড় চ্যালেঞ্জ। তিনি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো ভারতের সমান মর্যাদা ও অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দেশে ধর্মীয় পরিবর্তনের প্রেক্ষাপটে ভবিষ্যতে যেন কাউকে কোনো ধরনের নির্যাতনের শিকার হতে না হয়, সে বিষয়েও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।



