সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২০ মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে মরম আলী (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মরম আলী ওই গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে নির্যাতন করেন মরম। ঘটনার সময় শিশুটির মা বিষয়টি দেখে চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। এরপর শিশুটিকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
ঘটনার পর সোমবার শিশুটির বাবা বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মরম আলীকে গ্রেপ্তার করে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।



