পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শ্রম সহযোগিতা, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য কাতারের শ্রমবাজারে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি গুরুত্ব পায়।
কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও কাতারের মধ্যে শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কাতারের বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। নতুন করে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি বৈঠকে গুরুত্ব পাওয়ায় শ্রমবাজারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



