মাদারীপুরের শিবচর উপজেলায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাখরেরকান্দি এলাকার দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসা সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে।



