ব্রাজিলের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে আবারও বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের বড় আসর। প্রায় ১৩ বছর আগে ২০১৪ পুরুষ বিশ্বকাপের ফাইনালের সাক্ষী হওয়া এই স্টেডিয়ামেই এবার অনুষ্ঠিত হবে ২০২৭ নারী বিশ্বকাপের শুরু ও শেষের ম্যাচ। বৃহস্পতিবার (২০ আগস্ট) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ৩২ দলের এই টুর্নামেন্টের অগ্রিম সূচি প্রকাশ করেছে। আগামী ২৪ জুন ব্রাজিলের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে এবং প্রায় এক মাসের লড়াই শেষে ২৫ জুলাই মারাকানাতেই হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। দক্ষিণ আমেরিকার মাটিতে এটিই প্রথম নারী বিশ্বকাপ আয়োজনের ঘটনা।
ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি ১৯৫০ সালের পুরুষ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের সেই হৃদয়বিদারক হারের সাক্ষী হয়ে আছে। এবার একই মাঠে নারী বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আয়োজনের মাধ্যমে মারাকানা নতুন এক রেকর্ডের অংশ হতে যাচ্ছে। এর আগে সুইডেনের রাসুন্দা স্টেডিয়াম এবং যুক্তরাষ্ট্রের পাসাডেনার রোজ বোল স্টেডিয়াম পুরুষ ও নারী উভয় বিশ্বকাপের ফাইনাল আয়োজনের বিরল কীর্তি গড়েছিল। সেই তালিকায় তৃতীয় স্টেডিয়াম হিসেবে নাম লেখাতে যাচ্ছে মারাকানা।
ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে মোট আটটি আয়োজক শহর থাকবে এবং প্রতিটি শহরে অন্তত সাতটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি শহরেই অন্তত একটি নকআউট ম্যাচ রাখা হয়েছে। টুর্নামেন্টের শেষ ষোলো পর্যন্ত ম্যাচগুলো ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফি ও সালভাদরে অনুষ্ঠিত হবে। এরপর কোয়ার্টার-ফাইনাল ম্যাচগুলো বেলো হরিজন্তে, ফোর্তালেজা, রিও ডি জেনেইরো ও সাও পাওলোতে অনুষ্ঠিত হবে। সেমি-ফাইনালের আয়োজক হিসেবে থাকছে রিও ডি জেনেইরো ও সাও পাওলো শহর।
টুর্নামেন্টের সূচি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ব্রাজিলিয়ান সমর্থকদের আবেগ, রং ও উচ্ছ্বাসের কথা ভাবলেই তিনি রোমাঞ্চিত বোধ করেন। তার মতে, আটটি আয়োজক শহর তাদের নিজস্ব বৈচিত্র্য দিয়ে এই বিশ্বকাপকে অত্যন্ত আনন্দময় ও স্মরণীয় করে তুলবে। ব্রাজিলের সাবেক অধিনায়ক অ্যালিন পেলেগ্রিনোও মনে করেন, গ্যালারির এই প্রাণশক্তি মাঠে ছড়িয়ে পড়বে। তার প্রত্যাশা, বিশ্বের সেরা খেলোয়াড়েরা সমর্থকদের এই শক্তি অনুভব করবেন এবং মাঠের পারফরম্যান্স দিয়ে তার প্রতিদান দেবেন, যা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য যে, ২০২৭ নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি চলতি বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।



