পদত্যাগের খবর ভিত্তিহীন, বললেন চুয়েট উপাচার্য

, বাংলাদেশ

পদত্যাগের খবর ভিত্তিহীন, বললেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম নিজের পদত্যাগের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এ কথা জানান। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে সুস্থ আছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা ও ইসিজি রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার ক্যাম্পাসে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

ক্যাম্পাসের বর্তমান অচলাবস্থা নিরসনের বিষয়ে উপাচার্য বলেন, সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমেই সংকট সমাধান করতে হবে। তিনি সতর্ক করে বলেন, আলোচনা ছাড়া সমস্যার সমাধান না হলে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত রয়েছে। একই দাবিতে শিক্ষক সমিতি কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি চালিয়ে যাওয়ায় চুয়েটের অচলাবস্থা এখনো কাটেনি।