চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের মাঠে সোহাগ নামে এক কৃষকের ১৫ কাঠা জমির লাউগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। শুক্রবার সকালে মাঠে গিয়ে কৃষক সোহাগ দেখতে পান, তার ক্ষেতের প্রায় সব লাউগাছ গোড়া থেকে কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। ক্ষেতজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বিক্রির উপযোগী অসংখ্য লাউ। নিজের চোখের সামনে কষ্টের ফসল এভাবে ধ্বংস হতে দেখে তিনি নির্বাক হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ক্ষেত থেকে লাউ তুলে বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল সোহাগের। সেই টাকা দিয়ে সারের বকেয়া পাওনা পরিশোধ এবং পরিবারের দৈনন্দিন খরচ মেটানোর কথা ছিল তার। ধারদেনা ও কষ্টার্জিত অর্থে অতি যত্নে গড়ে তোলা এই লাউ ক্ষেতটি দুর্বৃত্তদের এমন নির্মম কর্মকাণ্ডে মুহূর্তে নিঃস্ব হয়ে পড়েছেন এই কৃষক।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জাহিদ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং কৃষকের এমন ক্ষতি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। একটি ফসল ফলানোর পেছনে কৃষকের বিপুল শ্রম, অর্থ ও সময় জড়িত থাকে। তিনি জানান, এই ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
ঘটনার পর থেকে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষক সোহাগ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে আর কোনো কৃষককে এমন পরিস্থিতির শিকার হতে না হয়।



