রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার সেনপাড়ায় ড্রেনে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শামীমের বয়স ৪৭ বছর এবং তার বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ড্রেনের ভেতরে কাজ করার সময় শামীম মাথা তুললে একটি গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ি ও এর চালককে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



