ম্যারাডোনার মৃত্যু মামলা: বাবার পুরনো মেডিকেল রিপোর্ট জমা দিয়ে বিপাকে স্বাস্থ্য বীমা কোম্পানি

, খেলা

ম্যারাডোনার মৃত্যু মামলা: বাবার পুরনো মেডিকেল রিপোর্ট জমা দিয়ে বিপাকে স্বাস্থ্য বীমা কোম্পানি

কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার রহস্যজনক মৃত্যু নিয়ে চলমান চিকিৎসাজনিত অবহেলার মামলায় আদালতে এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফুটবল জাদুকরের চিকিৎসায় অবহেলার যে মামলাটি বর্তমানে আর্জেন্টিনায় বিচারাধীন, সেখানে তার ব্যক্তিগত মেডিকেল রিপোর্টের বদলে ভুলবশত তার বাবার পুরনো ডাক্তারি পরীক্ষার নথিপত্র জমা দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার শীর্ষস্থানীয় স্বাস্থ্য বীমা কোম্পানি ‘সুইস মেডিক্যাল’ আদালতে পাঠানো এক চিঠির মাধ্যমে এই গুরুতর ভুলের বিষয়টি স্বীকার করেছে। তদন্তকারী চিকিৎসা কমিশনের কাছে ম্যারাডোনার নাম ব্যবহার করে যেসব নথিপত্র পেশ করা হয়েছিল, সেগুলো মূলত তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার। উল্লেখ্য যে, এই রিপোর্টগুলো ছিল ২০১৫ সালের, অর্থাৎ যে বছর ম্যারাডোনার বাবা মৃত্যুবরণ করেন।

আদালতে বিচারাধীন সাতজন পেশাদার স্বাস্থ্যসেবা প্রদানকারীর বিচার প্রক্রিয়ার সময় গত সপ্তাহে অভিযুক্তদের একজনের আইনজীবী এই চাঞ্চল্যকর তথ্যটি সবার সামনে নিয়ে আসেন। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ম্যারাডোনার মৃত্যুর পর থেকে তার পরিবার চিকিৎসায় মারাত্মক অবহেলার অভিযোগ তুলে মামলাটি দায়ের করেছিল।

মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের মাত্র দুই সপ্তাহ পর ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং ফুসফুসে পানি জমে (অ্যাকিউট পালমোনারি এডিমা) মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই বহুল আলোচিত বিচার কার্যক্রমটি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে বলে ধারণা করা হচ্ছে।