কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের জেরে লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প

, বিশ্ব

কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের জেরে লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চলমান তীব্র বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে মানচিত্রের সামনে দাঁড়িয়ে তিনি এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সরব ছিলেন ট্রাম্প। চলতি সপ্তাহে কানাডা থেকে আমদানিকৃত প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি, যার প্রতিক্রিয়ায় কানাডাও মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে।

ট্রাম্পের দাবি, লেক অন্টারিওর গভীরে যুক্তরাষ্ট্রের বিশাল ভূখণ্ড ও জলসীমা রয়েছে, তাই এই নাম পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে। নতুন এই আদেশের ফলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভৌগোলিক নাম বোর্ডকে আগামী ৩০ দিনের মধ্যে সরকারি সব নথিপত্র ও মানচিত্রে নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত বছর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করেছিলেন ট্রাম্প।

ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘অন্টারিও’ শব্দটি ওয়েন্ডাট ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘সুন্দর ও বড় হ্রদ’। এটি চিরকাল লেক অন্টারিও নামেই পরিচিত থাকবে। এছাড়া অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড এবং নোভা স্কটিয়ার প্রিমিয়ার টিম হিউস্টন ট্রাম্পের এই পদক্ষেপকে ‘বোকামি’ হিসেবে আখ্যায়িত করে এর কঠোর প্রতিবাদ জানিয়েছেন।