লিবিয়ার বেনজাগি শহরে লিবিয়ান ন্যাশনাল আর্মির উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ্দাম খলিফা হাফতারের সঙ্গে বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে লিবিয়ার সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার বিষয়ে কাতারের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ড. আল-খুলাইফি। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, লিবিয়ার জনগণের প্রত্যাশা পূরণের একমাত্র পথ হলো শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান।
শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আলোচনার ধারা অব্যাহত রাখা এবং জাতীয় ঐকমত্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন কাতারের এই প্রতিমন্ত্রী। তিনি জানান, লিবিয়ায় একটি সামগ্রিক ও টেকসই রাজনৈতিক সমঝোতা অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সফল করতে কাতার দেশটির সকল পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাবে।



