চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

, বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান। নিহতরা হলো মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া ও আরিবা, নেমাজের দুই মেয়ে সুমি ও সুরাইয়া এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এই সুযোগে শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটি পদ্মা নদীর একটি শাখা, যা স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ায় নদীটি পূর্ণ হয়ে গিয়েছিল। নদীতে নামার পর শিশুরা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালালেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি।