পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে ও জনবল সংকট নিরসনে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে নতুন করে ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪ হাজার সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পদগুলো তৈরি হলে পুলিশের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় জনবল বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রংপুর-৬ আসনের বিরোধী দলীয় সদস্য মো. নুরুল আমীনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, পুলিশের জনবল বৃদ্ধিসংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন পদগুলো সৃজন করা হচ্ছে।
জনবল বৃদ্ধির পাশাপাশি পুলিশের যানবাহন সংকট দূর করার বিষয়েও পরিকল্পনা জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী পাঁচ অর্থবছরে পর্যায়ক্রমে রাজস্ব বাজেটের মাধ্যমে টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ করা হবে। এছাড়া যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নিরূপণে সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। নবসৃষ্ট ইউনিট ও কাজের পরিধি বিবেচনায় টিওঅ্যান্ডইতে যানবাহন ও জলযানের সংখ্যা বৃদ্ধি এবং পর্যায়ক্রমে মাঠপর্যায়ের ইউনিটগুলোতে প্রয়োজনীয় যানবাহন সরবরাহের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।



