গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান পটিয়ার এমপি এনামের

, বাংলাদেশ

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান পটিয়ার এমপি এনামের

চট্টগ্রামের পটিয়ায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার এবং গুজবের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। শনিবার দুপুরে পটিয়ায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, সার, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতরা এসব উসকানি দিচ্ছে জানিয়ে তিনি বলেন, যারা জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে, তাদের ছাড় দেওয়া হবে না। তিনি সাধারণ মানুষকে এসব অপপ্রচারকারীর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের সহায়তার বিষয়ে আলোকপাত করে এনামুল হক এনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সুবিধার জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ প্রদান করছেন। যাদের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গা বা অনাবাদি জমিতে শাকসবজি চাষ করতে পারেন। এ ধরনের কৃষি কাজে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ২৫০ জন কৃষককে সহায়তা দেওয়া হয়। তাদের মাঝে টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ এবং জনপ্রতি দুই কেজি করে সার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন ও সাইফুদ্দীন আহমেদ, এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান ও মো. ইসমাইলসহ স্থানীয় নেতৃবৃন্দ।