পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুন জামে মসজিদের মুয়াজ্জিন মো. সায়েমের (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে মসজিদের নিজস্ব কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার এশার নামাজের সময় হলে মুসল্লি মো. ইউসুফ হাওলাদার মসজিদে পৌঁছান। তিনি সায়েমকে ডাকতে তার কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি দ্রুত অন্যান্য মুসল্লি ও স্থানীয়দের জানানো হয়। সায়েমের ভাই কামাল হোসেনসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তদন্তের স্বার্থে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



