জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমির বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় বিল দুটির বিভিন্ন ধারা ও সংশ্লিষ্ট বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। বিলগুলোর বাস্তবায়ন ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনার পর প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে এগুলো সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অংশ নেন। এছাড়া কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকটিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।



