হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনের আঘাতে সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

, বিশ্ব

হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনের আঘাতে সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দক্ষিণ রুট দিয়ে অতিক্রম করার সময় একটি বিশাল সুপারট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দুটি জলমগ্ন সামুদ্রিক মাইনের আঘাতে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং এটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসির নৌবাহিনী এ ঘটনার পর এক কঠোর সতর্কবার্তায় জানিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী যেকোনো জাহাজের পরিণতি একই হবে। নৌ চলাচলের ক্ষেত্রে আইআরজিসি কর্তৃক নির্ধারিত নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক বলে তারা উল্লেখ করেছে। বর্তমানে ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক চলাচল সীমিত রাখলেও, মার্কিন সহায়তায় ওমান উপকূলের কাছাকাছি তুলনামূলক নিরাপদ জলপথ দিয়ে কিছু জাহাজ যাতায়াতের চেষ্টা করছে। তেহরান এই রুটগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করে বারবার সতর্ক করে আসছে।

আইআরজিসির বিবৃতিতে শিপিং কোম্পানিগুলোর উদ্দেশে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর উসকানিতে বিভ্রান্ত না হতে এবং অপ্রয়োজনে জাহাজ ও ক্রুদের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে না ফেলতে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও জলপথ উন্মুক্ত রাখা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

লারাক দ্বীপে মার্কিন হামলা এবং এর প্রতিক্রিয়ায় জর্ডান ও আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। এই ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।