মায়ের প্রতি গভীর ভালোবাসা ও তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কাতারের আল খোর শহরে একটি বিশেষ কোরআন শিক্ষাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। প্রয়াত সমাজসেবী মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদির স্মরণে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বানাঈদ আল-মেহন্দি সেন্টার ফর মেমোরাইজিং দ্য হোলি কোরআন ফর উইমেন’। আজ ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।
প্রয়াত মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদি আজীবন মানবসেবা ও দাতব্য কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবার এই শোককে শক্তিতে রূপান্তর করে সদকায়ে জারিয়া হিসেবে এই ইসলামিক সেন্টারটি প্রতিষ্ঠা করেছে। পরিবারের প্রত্যাশা, এই সেন্টারে পবিত্র কোরআন শিক্ষা ও তেলাওয়াতের প্রতিটি মুহূর্তের সওয়াব মরহুমার আমলনামায় যুক্ত হবে, যা তাঁর সদকায়ে জারিয়ার ধারাকে অব্যাহত রাখবে।
স্থানীয় নারী ও কিশোরীদের জন্য দ্বীনি শিক্ষা সহজলভ্য করতে এই সেন্টারের সকল কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে। বয়সের সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো নারী এখানে নিবন্ধনের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত ও হিফজ করার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য এখানে আধুনিক ও সুবিন্যস্ত পঠন-পাঠন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে তারা নিজস্ব গতিতে কোরআন শিক্ষার পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারেন।
কাতারের আল খোর শহরের এই নতুন কেন্দ্রটি স্থানীয় নারী সমাজের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আল খোর অঞ্চলের স্থানীয় মা ও তরুণীরা পবিত্র কোরআনের আলোয় নিজেদের আলোকিত করার একটি চমৎকার সুযোগ পেলেন।



