ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৬

, বাংলাদেশ

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৬

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজিরশিমলা এলাকায় ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ওই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। সেই সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই পথ দিয়ে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রাটিকে সজোরে ধাক্কা দেয় এবং এরপর সিএনজির সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।