ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক

, বাংলাদেশ

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে। আজ সকালে গাবতলীর প্রস্তাবিত কাঁচা বাজারের পরিবহন ডিপোতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এই ট্রাকগুলোর উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উদ্বোধনের পর তিনি নিজেই একটি ট্রাক চালিয়ে সেটির সক্ষমতা পরীক্ষা করেন।

অনুষ্ঠানে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, শহরের বাসা-বাড়ি থেকে বর্জ্য দ্রুত অপসারণ এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দক্ষভাবে ময়লা নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই ভারী যানগুলো কার্যকর ভূমিকা রাখবে। বর্তমানে ডিএনসিসির প্রায় ১৮০ থেকে ২০০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন প্রায় চার হাজার টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। নতুন এই ট্রাকগুলো যুক্ত হওয়ায় সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহন সক্ষমতা যেমন বাড়বে, তেমনি কম সময়ে বর্জ্য পরিষ্কার করে নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া সহজ হবে। তিনি আরও জানান, পরিকল্পনার অংশ হিসেবে আগামীতে আরও ১০টি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক বহরে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে প্রশাসক দাবি করেন, ডিএনসিসির কার্যকর সংস্কার ও যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে অতি বৃষ্টিতেও শহরে কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে না। এক্ষেত্রে সিটি কর্পোরেশন সফলতার পথে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ৯০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় এডিস মশার লার্ভা ধ্বংস করতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার ব্যবস্থা চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সর্বদা মাঠে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন মাসের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল রাকিব হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।