আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৩, আহত ৪

, বিশ্ব

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৩, আহত ৪

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের চালানো বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার কুনার প্রদেশের একটি বসতবাড়িতে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরে ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। যদিও তালেবান প্রশাসন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত এলাকায় কিছুটা স্থিতিশীলতা বিরাজ করলেও, এই বিমান হামলার ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

আফগান কর্মকর্তাদের দাবি, কুনারের পাশাপাশি পাকতিকার বারমাল জেলার দুটি স্থানেও হামলা চালানো হয়েছে। এসব হামলায় একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় আত্মঘাতী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছিলেন। চলতি বছরের মার্চ মাসেও একই ধরণের পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।