চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে আয়োজিত এই ভোজে রাজনীতি ও কূটনীতির পাশাপাশি প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি ছিল নজরকাড়া। নৈশভোজে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনায় থাকায় প্রযুক্তি বিশ্বের এসব কর্ণধারদের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ।
নৈশভোজের মেনুতে ছিল বিশেষ সব পদ। অতিথিদের জন্য হলুদ স্কোয়াশের একটি বিশেষ পদ এবং ভ্যানিলা-তিলের আবরণে তৈরি সি-বাস পরিবেশন করা হয়। এছাড়া মিষ্টান্ন হিসেবে ছিল ভ্যানিলা ক্রিমের তৈরি ডেজার্ট এবং হোয়াইট হাউসের নিজস্ব মধু দিয়ে প্রস্তুত করা আইসক্রিম। রাতের এই আয়োজনের পাশাপাশি ট্রাম্প অতিথিদের হোয়াইট হাউসে প্রায় ৪০ কোটি ডলার ব্যয়ে নির্মাণাধীন নতুন বলরুম ঘুরে দেখান। তিনি জানান, সম্মানিত অতিথিরাই সেখানে প্রথম পা রাখার সুযোগ পাচ্ছেন। এরপর শি জিনপিংকে হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড দেখানো হয় এবং তাকে নিজের মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠার সুযোগ করে দেন ট্রাম্প। এর আগে দিনের শুরুতে শি’র সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছিলেন, আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। তিনি মন্তব্য করেন, আমাদের খুব ভালো বৈঠক হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে যখন হোয়াইট হাউসে স্বাগত জানানো হচ্ছিল, তখন ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন একদল মানুষ। বিক্ষোভকারীদের ‘হংকংকে মুক্ত করো’ স্লোগান দেওয়ার পাশাপাশি শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করতে দেখা যায়। দিনের শুরুতেই অবশ্য শি’র সম্মানে সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধবিমানের মহড়ার আয়োজন করা হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সফর শেষ করার কথা রয়েছে চীনা প্রেসিডেন্টের। সফরের শেষ দিনে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করবেন বলে জানা গেছে।



