ট্রাম্পের আমন্ত্রণে নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মেলনে কাতারের আমীর

, বিশ্ব

ট্রাম্পের আমন্ত্রণে নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মেলনে কাতারের আমীর

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পার্শ্ববটে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি। আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা, সংঘাত পরবর্তী স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনীতিতে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এই সম্মেলনে মধ্যপ্রাচ্য ও এর বাইরের বিশ্বের প্রভাবশালী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি, মিশরের প্রধানমন্ত্রী ড. মোস্তফা মাদবুলি এবং লেবাননের প্রধানমন্ত্রী ড. নাওয়াফ সালাম।

বৈঠকে উপসাগরীয় দেশগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ। এই সম্মেলনে যোগ দেওয়া উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।

সম্মেলনে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও জ্বালানি সরবরাহসহ অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। বিশ্বনেতারা সংঘাত নিরসনে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা ও আলোচনার ওপর জোর দেন। একই সাথে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন এবং সংকট মোকাবিলায় সমন্বিত কৌশল নিয়ে তারা মতবিনিময় করেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কাতার যে মধ্যস্থতামূলক ভূমিকা পালন করছে, এই সম্মেলনে তার গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।